ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৫১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্ধারিত নির্বাচনি আসনগুলোতে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা এই সময় উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বগুড়া জিয়া পরিবারের ঐতিহ্যবাহী নির্বাচনি দুর্গ হিসেবে পরিচিত।একই দিনে ফেনী-১ সংসদীয় আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
খালেদা জিয়া এর আগে একাধিকবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।এর আগে, গত রোববার (২৮ ডিসেম্বর) দিনাজপুর-৩ সংসদীয় আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।তারেক রহমান ও খালেদা জিয়ার সরাসরি নির্বাচনে অংশগ্রহণের এই খবর বিএনপির তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দেশের গুরুত্বপূর্ণ এই আসনগুলোর দিকে নজর থাকবে সারা দেশের রাজনৈতিক মহলের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন