রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:০৪ পিএম

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

সদ্য সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সোমবার বিভিন্ন সূত্রে জানা গেছে যে আসিফ মাহমুদ কেবল দলটিতে যোগই দিচ্ছেন না বরং তিনি দলটির মুখপাত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বও পেতে পারেন।

যদিও এই বিষয়ে এখন পর্যন্ত আসিফ মাহমুদ আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান পরিষ্কার করেননি তবে এনসিপির অভ্যন্তরীণ একাধিক সূত্র এমন সম্ভাবনার কথা নিশ্চিত করেছে।

আসিফ মাহমুদের এনসিপিতে যোগদানের গুঞ্জন যখন তুঙ্গে তখন আরেক প্রভাবশালী নেতা ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন যে তিনি এই দলটির অংশ হচ্ছেন না।

রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে মাহফুজ আলম তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান যে জুলাইয়ের সহযোদ্ধাদের প্রতি সম্মান থাকলেও তিনি বর্তমান এনসিপিতে যোগ দিচ্ছেন না। তিনি জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার প্রস্তাব পাওয়ার বিষয়টিও অস্বীকার করেননি তবে নিজের দীর্ঘমেয়াদী রাজনৈতিক অবস্থান ধরে রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।এদিকে আসিফ মাহমুদকে নিয়ে রাজনৈতিক সমীকরণ বেশ বৈচিত্র্যময় হয়ে উঠছে। একদিকে তার এনসিপিতে যোগদানের খবর অন্যদিকে নির্বাচনী মাঠে তার স্বতন্ত্র অবস্থানের আভাস পাওয়া যাচ্ছে।

এরই মধ্যে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া তার নিজ এলাকা কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলা হয়েছে। ফলে আসিফ মাহমুদ কোনো দলের ব্যানারে নাকি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়বেন তা নিয়ে জনমনে কৌতূহল বাড়ছে।

উল্লেখ্য যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই তরুণ প্রজন্মের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের অপেক্ষায় ছিল দেশবাসী। এনসিপি সেই আকাঙ্ক্ষার একটি বড় অংশ ধারণ করার চেষ্টা করলেও শীর্ষ নেতাদের মধ্যে কৌশলগত পার্থক্য এখন প্রকাশ্যে আসছে। মাহফুজ আলম এনসিপিতে না গেলেও আসিফ মাহমুদ যদি দলটির হাল ধরেন তবে সেটি দেশের জাতীয় রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি করতে পারে। আসিফ মাহমুদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আসন্ন নির্বাচনে তরুণ শক্তির নেতৃত্বের গতিপথ।