শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১১:০৪ পিএম

নিহত বিএনপি নেতার ছেলেকে তারেক রহমানের ফোন

রাজধানীতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত নোয়াখালী পৌরসভা বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের আগে নিহত জামালের বড় ছেলের মোবাইলে ফোন করে তিনি পরিবারের খোঁজ-খবর নেন।

ফোনালাপে তারেক রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত সন্তানদের ধৈর্য ধরার পরামর্শ দেন।

তারেক রহমান আবেগঘন কণ্ঠে নিহত জামালের ছেলেকে বলেন, “আমি তোমাদের কষ্ট ও ব্যথাটা বুঝতে পারি, কারণ একই কষ্টের মধ্যে আমি নিজেও আছি। তোমরা তিন ভাই সব সময় একসঙ্গে থাকবে, তোমার আব্বা এটাই দেখতে চেয়েছিলেন।

 গত বুধবার দিবাগত রাতে নোয়াখালী থেকে নেতাকর্মীদের নিয়ে আসা একটি বাস কুমিল্লার বাগমারায় দুর্ঘটনায় পড়লে ৩২ জন আহত হন। গুরুতর আহত জামাল উদ্দিনকে তারেক রহমানের নির্দেশনায় ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হলেও শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান। তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যতে ব্যক্তিগতভাবে জামালের পরিবারকে দেখতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। নিহত জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তার এই অকাল মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।