সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত জোট জিতলে প্রধানমন্ত্রী কে? যা জানালেন এনসিপির আখতার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ১০:২৬ পিএম

জামায়াত জোট জিতলে প্রধানমন্ত্রী কে? যা জানালেন এনসিপির আখতার

আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন— এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, সরকার গঠনের বিষয়গুলো নিয়ে জোটের মধ্যে এখনো কোনো চূড়ান্ত ফয়সালা হয়নি, আলোচনা চলমান রয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আখতার হোসেন জানান, এনসিপি কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে খুব অল্প সময়ের মধ্যেই তা নির্ধারিত হবে। তখন জানা যাবে কতটি আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জামায়াতের সঙ্গে জোট কেন? বিএনপির সঙ্গে সংস্কার প্রশ্নে মতপার্থক্য এবং জামায়াতের সঙ্গে নীতিগত মিল থাকার কারণেই এই জোট হয়েছে বলে জানান আখতার। তিনি বলেন ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়গুলোতে বিএনপির সঙ্গে মতভিন্নতা দেখা দিয়েছে। সেক্ষেত্রে সংস্কার প্রশ্নে জামায়াতের সঙ্গে এনসিপির এক ধরনের ‘ন্যাচারাল অ্যালায়েন্স’ বা স্বাভাবিক মিত্রতা তৈরি হয়।এনসিপি প্রথমে একক নির্বাচনের প্রস্তুতি নিলেও শরিফ উসমান হাদির হত্যাকাণ্ডের পর কৌশলে পরিবর্তন এসেছে।

আখতার বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং করছে। এই পরিস্থিতিতে এককভাবে না থেকে ১১ দলীয় জোটের মাধ্যমে শক্তিশালীভাবে নির্বাচনের বৈতরণী পার হতে চাই।যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু: মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এনসিপি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে। আখতার হোসেন জানান, তারা মূলত নিম্নোক্ত বিষয়গুলোতে ‘কনসার্ন’ বা উদ্বেগ প্রকাশ করেছেন:

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি।

শরিফ উসমান হাদি হত্যা ও সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া।

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি নিয়ে শঙ্কা।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যেকোনো সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেন বলে জানান তিনি। এছাড়া ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, প্রতিটি দেশকে আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।