বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

পদত্যাগের হিড়িকে টানাপোড়েনে এনসিপি, রয়েছে নয়া জোট নিয়ে আশাবাদও

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ১২:৪০ পিএম

পদত্যাগের হিড়িকে টানাপোড়েনে এনসিপি, রয়েছে নয়া জোট নিয়ে আশাবাদও

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১২ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে পদত্যাগের হিড়িক পড়েছে।

তবে দলের শীর্ষ নেতৃত্বের দাবি, এই অস্থিরতা সাময়িক এবং অধিকাংশ নেতাকর্মীই জোটবদ্ধ হয়ে নির্বাচনের পক্ষে।গত বছরের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি আত্মপ্রকাশ করে।

শুরুতে এককভাবে ৩০০ আসনে লড়াইয়ের ঘোষণা দিলেও ডিসেম্বরের শেষে এসে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার সিদ্ধান্ত নেয় দলটি।

এর আগে তারা এবি পার্টি ও রাষ্ট্রসংস্কার আন্দোলনের সঙ্গেও জোট করেছিল।জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলের অনেক নেতা। গত কয়েক দিনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত দেড় ডজন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতাদের অভিযোগ—এনসিপি তার ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ তৈরির লড়াই থেকে বিচ্যুত হয়ে পুরোনো রাজনীতির সাথে ‘আত্মমর্যাদাহানিকর’ আপস করেছে।

দল ছেড়ে যাওয়া নেতাদের কেউ কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আবার কেউ কেউ রাজনীতি থেকেই নিজেদের গুটিয়ে নিয়েছেন। প্রায় ৩০ জন নেতা জোটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও দল তার অবস্থানে অটল থাকায় এই ভাঙন স্পষ্ট হয়।দলের এই হোঁচটকে বড় চ্যালেঞ্জ মনে করছে না এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,দলে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশ নেতাকর্মী জোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এনসিপি গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাসী। যারা চলে গেছেন তাদের শূন্যস্থান পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে।দলের দাবি, নির্বাচনী ময়দানে শক্তিশালী অবস্থান তৈরি করতেই এই বৃহত্তর জোট গঠন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে একা লড়াই করার চেয়ে সমমনা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হওয়াকে তারা কৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন।