জানুয়ারি ৫, ২০২৬, ০৮:২৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা প্রমাণ করেছে যে তিনি এ দেশের সাধারণ মানুষের হৃদয়ে কতটা গভীরতম স্থানে ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, এখন পর্যন্ত ইতিহাসের সর্ববৃহৎ জানাজা নসিব হয়েছে তাঁর।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মিছবাহুল মাদ্রাসায় বিএনপি আয়োজিত এক বিশাল দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন ছিলেন।
এই সংগ্রামের পথে তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন, কিন্তু প্রতিদানে পেয়েছেন কোটি কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসা। তাঁর জানাজা ও মানুষের দোয়া প্রমাণ করে তিনি এই দেশের মানুষের কত আপনজন ছিলেন।দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বর্ষীয়ান নেতা বলেন, বেগম খালেদা জিয়া মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তাঁকে হারানোর এই শোককে এখন শক্তিতে পরিণত করতে হবে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপিকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে এবং জাতি বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় নেতারা তাঁদের বক্তব্যে দেশনেত্রীর আদর্শকে ধারণ করে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন