রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে।

বৃহস্পতিবার বিকেলে বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রের প্রতি এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়।

বর্তমানে এই সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন যাদের সক্রিয় প্রচেষ্টায় এই ঐতিহাসিক নামকরণ সম্ভব হয়েছে। প্রবাসীদের মতে এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয় বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক বলিষ্ঠ দলিল। এই উদ্যোগের ফলে প্রবাসী নতুন প্রজন্মের বাংলাদেশিরা দেশের ইতিহাস ও দেশনেত্রীর অবদান সম্পর্কে আরও সচেতন হবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয়।

এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কটি যুক্ত হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের এক অবিচ্ছেদ্য রাজনৈতিক অধ্যায় স্থায়ী রূপ নিল। হ্যামট্রমিক শহরটি তার বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত এবং সেখানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের এই নামকরণ দুই দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও মজবুত করবে। এই অর্জনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সক্ষমতার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।