জানুয়ারি ১০, ২০২৬, ০৩:৫৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যা আগামী ১২ জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে। শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইউরোপীয় জোট এবার বিশাল একটি পর্যবেক্ষণ দল পাঠাচ্ছে। তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে।
বৈঠকে এনসিপি'র পক্ষ থেকে বর্তমানে ভোটের মাঠে 'লেভেল প্লেয়িং ফিল্ড' বা সবার জন্য সমান সুযোগের অভাব নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারি কর্মকর্তারা বর্তমানে বিশেষ একটি রাজনৈতিক দলকে বাড়তি নিরাপত্তা দিচ্ছে, যা সাধারণ জনগণ ও গণমাধ্যমের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে। তিনি আরও বলেন, “ওসমান হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতার করা না গেলে ভোটের পরিবেশ আরও অনিরাপদ হয়ে পড়বে।
নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি আহ্বায়ক বলেন, ইসি অনেক ঋণখেলাপির মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করছে। কমিশনের এই পক্ষপাতমূলক আচরণ নির্বাচনের স্বচ্ছতাকে ব্যাহত করছে বলে তিনি মন্তব্য করেন।সব মিলিয়ে আগামী দুই দিনের মধ্যে জোটের আসন বিন্যাসের চূড়ান্ত ঘোষণা রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব বহন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন