সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদি হত্যার প্রধান অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৪৮ পিএম

হাদি হত্যার প্রধান অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে: জামায়াত আমির

রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হত্যাকাণ্ডের বিচার ও নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচনের দাবি জানান।

জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, মামলার অভিযোগপত্র দাখিল হলেও বর্বরোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামিরা এখনো ধরা পড়েনি। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে আজ জনমনে সংগত কারণেই প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযুক্তরা দেশে আছে নাকি বিদেশে—এ বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্যের কোনো সুযোগ নেই।আসামিরা যদি পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য কোথাও অবস্থান করে থাকে, তবে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, সরকারের উচিত দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুততম সময়ে তাদের দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা।

কেবল গ্রেপ্তার নয়, এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, তা খুঁজে বের করা জরুরি বলে মনে করেন জামায়াত আমির। তিনি সতর্ক করে বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন না হলে বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি জনমনে গভীর সংশয় তৈরি করবে।সবশেষে তিনি বলেন, হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং সরকার জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।