সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত সেক্রেটারির কত সম্পদ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১০:৪৫ পিএম

জামায়াত সেক্রেটারির কত সম্পদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ফুলতলা–ডুমুরিয়া) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দেওয়া তার হলফনামা অনুযায়ী, তার ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ টাকার বেশি।

মিয়া গোলাম পরওয়ারের শিক্ষাগত যোগ্যতা এমকম (অ্যাকাউন্টিং)। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী (সাবেক শিক্ষক)। হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ বছর তিনি ৪ লাখ ৮২ হাজার ৪৭৮ টাকা আয় দেখিয়ে ৫ হাজার ৬২৫ টাকা কর পরিশোধ করেছেন।

তার নামে থাকা অকৃষিজমি ও ভবনের বর্তমান বাজারমূল্য ১ কোটি টাকা। এই সম্পদের অর্জনকালীন মূল্য ছিল ২২ লাখ ৭২ হাজার টাকা।

তার কাছে নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭ লাখ ২৪ হাজার ৭৩৩ টাকা জমা আছে। এছাড়া ১ লাখ ১০ হাজার টাকার আসবাবপত্র এবং ৮০ হাজার ৬৫০ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।তার স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পদ নেই। তবে ১৫ ভরি স্বর্ণ (বর্তমান বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ৫৭ হাজার টাকা), নগদ ২ হাজার ৬৭৫ টাকা এবং ব্যাংকে ৪ হাজার ৩৪৫ টাকা রয়েছে।

হলফনামায় তিনি নিজের বিরুদ্ধে হওয়া ৪৮টি ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেছেন। তবে বর্তমান পরিস্থিতি স্বস্তিদায়ক; তিনি সকল মামলা থেকেই খালাস বা অব্যাহতি পেয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা নেই। মামলার মধ্যে ঢাকায় ৩২টি, খুলনায় ১৫টি এবং নারায়ণগঞ্জে একটি মামলা ছিল।

খুলনা-৫ আসনে নির্বাচনী ব্যয়ের সীমা ৪০ লাখ টাকার কিছু বেশি হলেও মিয়া গোলাম পরওয়ার তার সম্ভাব্য ব্যয় ধরেছেন ৩০ লাখ টাকা। এই ব্যয়ের উৎস হিসেবে তিনি নিজের ব্যবসা, ভাইবোনদের দান এবং দলীয় তহবিল থেকে প্রাপ্ত অর্থ উল্লেখ করেছেন।