জানুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৩ পিএম
রাষ্ট্র সংস্কারের বিষয়টি বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় থাকলেও এটি আসলে বিএনপিরই রাজনৈতিক চিন্তার ফসল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন সরকার এখন সংস্কার নিয়ে অনেক প্রচারণা চালাচ্ছে তবে মনে রাখতে হবে এই সংস্কার তো বিএনপির সন্তান। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রস্তাবের অন্তত দুই বছর আগে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল যা এখনকার অনেক সংস্কার ভাবনার ভিত্তি হিসেবে কাজ করছে।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে নিজের হিসাব তুলে ধরে মির্জা ফখরুল বলেন আমি হিসাব করছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। ঠিক এই সময়ে অনেকেই বলছে নির্বাচন হবে কি না বা তারা বাধা দেবে কিংবা নির্বাচন করতে দেবে না।
তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন এসব শক্তির খবর নিয়ে দেখেন তাদের নিজেদেরই তিনটি ভোট পাওয়ার ক্ষমতা নেই। অথচ তারাই এখন বড় গলায় বলে বেড়ায় যে দেশে নির্বাচন হতে দেবে না। তিনি পরিষ্কার করে বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে এবং তারা জনগণের রায়ের অপেক্ষায় রয়েছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন আমরা নির্বাচন চাই এবং আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের চায় তবে আমরা ক্ষমতায় থাকব আর যদি আমাদের বাদ দিয়ে দেয় তবে আমরা হাসিমুখে বিরোধী দলে থাকব।
কিন্তু নির্বাচন নিয়ে আগে থেকে এত গলাবাজি বা আস্ফালনের কোনো প্রয়োজন নেই। তিনি আক্ষেপ করে বলেন সবচেয়ে বেশি দুষ্টামি করছে সেই শক্তিগুলো যারা অতীতে বাংলাদেশকে কখনো মনে-প্রাণে স্বীকার করেনি। আমাদের মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার ইতিহাস আমরা ভুলে যাইনি। ইতিহাসের সেই কলঙ্কজনক অধ্যায় এখনো মুছে যায়নি।বিএনপি মহাসচিব স্মরণ করিয়ে দেন যে অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ একটি নতুন জায়গায় এসে দাঁড়িয়েছে।
সামনে একটি জাতীয় নির্বাচন যেখানে মানুষের ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ধানের শীষকে বিজয়ী করাই হবে শহীদ জিয়ার প্রতি শ্রেষ্ঠ সম্মান। সাধারণ মানুষের অধিকার রক্ষায় বিএনপি রাজপথে যেমন ছিল নির্বাচনী মাঠেও তেমনি সাহসের সাথে লড়াই করবে। দেশের প্রতিটি কোণায় ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন একটি উদার ও মানবিক বাংলাদেশ গড়াই এখন তাদের প্রধান লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন