শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ১০:৪৪ পিএম

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। সিলেট সফরের শুরুতেই তিনি পুণ্যভূমি হিসেবে পরিচিত এই মাজার জিয়ারতে যান। রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত হন এবং সেখানে পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। 

মাজার জিয়ারত শেষ করে তিনি সেখানকার মসজিদে এশার নামাজ আদায় করেন। তার এই সফরকে কেন্দ্র করে সিলেটের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সেখান থেকে বিশেষ বিমানে করে তিনি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দীর্ঘ সময় পর তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।নির্ধারিত সফরসূচি অনুযায়ী মাজার জিয়ারত শেষ করে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। সেখানে মরহুম শ্বশুরবাড়ির স্বজনদের সাথে সময় কাটানোর কথা রয়েছে তার। 

বিরাইমপুর গ্রামের সেই বাড়িতে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সাথে সেখানে একটি ঘরোয়া অনুষ্ঠানে কেক কাটার কর্মসূচিও রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পারিবারিক এই ব্যস্ততা শেষ করে তিনি রাতেই স্থানীয় সিনিয়র নেতাদের সাথে ঘরোয়া বৈঠকে অংশ নিতে পারেন।তারেক রহমানের এই সফরের মূল আকর্ষণ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবারের কর্মসূচি। জানা গেছে আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

 

সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনের আগে এই জনসভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনসভা সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় বিএনপি। মাঠের ডেকোরেশন থেকে শুরু করে নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। জনসভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।