শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

প্রতীক পেয়েই প্রচার, জরিমানা গুনতে হলো প্রার্থীকে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ১১:০৪ পিএম

প্রতীক পেয়েই প্রচার, জরিমানা গুনতে হলো প্রার্থীকে

কুমিল্লার চান্দিনা সংসদীয় আসনে নির্বাচনি প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচারণা চালানোর অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে চান্দিনা পশ্চিম বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন। 

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোয় এই দণ্ড দেওয়া হয়।জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

নির্বাচনি আইন ও বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কথা ছিল। কিন্তু হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমী বুধবার বিকালেই চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে এক বিশাল শোডাউন বের করেন।

 এই শোডাউনটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাংশসহ চান্দিনা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রচারণা চালায়। এতে নির্বাচনি পরিবেশ ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ঘটে বলে জানিয়েছে প্রশাসন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নুর সংবাদমাধ্যমকে জানান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে হাতপাখা প্রতীকের ওই প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসনের এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনের শান্তি বজায় রাখতে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে জরিমানার বিষয়ে কথা বলার জন্য মাওলানা এহতেশামুল হক কাসেমীর ব্যক্তিগত ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।