রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপি নেতা ফজলুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ১১:০৪ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপি নেতা ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বাজিতপুরের পথে রওনা হয়েছিলেন তিনি। তবে পথিমধ্যে হঠাৎ তীব্র অসুস্থতা বোধ করলে তাঁর সঙ্গীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দীন ভুঁইয়া ফজলুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান, ভর্তির সময় তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তাৎক্ষণিকভাবে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পর বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। 

চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, ফজলুর রহমান নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং সকল রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বিকেলে তাঁর রোগমুক্তির কামনায় স্থানীয় পর্যায়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে তিনি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।