জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:৪৯ এএম
শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ৮টায় তিনি পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবরের পাশে গিয়ে গভীর শ্রদ্ধাভরে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কবর জেয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ও বড় ভাইয়ের সাথে তাদের স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়িতে প্রবেশ করেন এবং পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান ও তাদের সান্ত্বনা দেন।
এই সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।কবর জিয়ারত শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে শহীদ আবু সাঈদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন যে শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার এই সাহস ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে।
জামায়াত আমির আরও প্রার্থনা করেন যেন আল্লাহ বাংলাদেশকে সকল ধরণের আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করেন এবং দেশের মানুষকে শহীদ আবু সাঈদের দেখানো পথে অন্যায় ও জুলুমের মোকাবিলা করার তৌফিক দান করেন। তিনি নিজেও শহীদদের কাফেলায় শামিল হওয়ার তামান্না ব্যক্ত করেন।
জামায়াত আমিরের এই কবর জেয়ারত ও পরিবারের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন। এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই শহীদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আবু সাঈদের আত্মত্যাগের ফলে অর্জিত নতুন বাংলাদেশে যেন সুবিচার প্রতিষ্ঠিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত শেষে ডা. শফিকুর রহমান তার নির্বাচনী সফরের অংশ হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা জনসভায় অংশ নেবেন। আজ সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় তার প্রথম জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে বেলা ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুর উপজেলায় এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থানে বড় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। উত্তরবঙ্গের এই সফরকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন