সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডা: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১১:২১ এএম

তারেক রহমানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডা: রিজভী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং ‘হাইপার প্রোপাগান্ডা’র অংশ হিসেবে অভিহিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ জানুয়ারি) সকালে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এর আগে নির্বাচন কমিশনের অনুরোধে তিনি তার উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন এবং বর্তমানে কমিশনের সকল নিয়ম মেনেই তিনি জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন। 

রিজভী অভিযোগ করেন যে, একটি বিশেষ মহল তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে। এসময় তিনি আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে বলেন, ওয়ান ইলেভেন ও বিগত আওয়ামী সরকারের সময় অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েই কোকো অকালে প্রাণ হারিয়েছেন।

এনসিপি’র অভিযোগ ও শঙ্কা এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক প্রেস ব্রিফিংয়ে তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ তোলেন। আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময়সীমা দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন যে, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যদি কমিশন দ্রুত ব্যবস্থা না নেয় তবে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। একই সাথে তিনি বাংলাদেশের মূলধারার মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছে বলে শঙ্কা প্রকাশ করেন।

পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক উত্তাপ তারেক রহমানের প্রচারণা এবং এনসিপির এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিএনপি বলছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যদিকে এনসিপি সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের দাবি জানাচ্ছে। নির্বাচন কমিশন এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রধান রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনার জন্ম দিচ্ছে।