রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান ও জাইমা রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:১৫ পিএম

তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান ও জাইমা রহমান

রাজধানীর গুলশানে অবস্থিত ঐতিহাসিক বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে তরুণ প্রজন্মের সাথে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানে মূলত বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় অংশ নিয়েছেন তিনি। 

অনুষ্ঠানে তারেক রহমানের সাথে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকেও দেখা গেছে, যা উপস্থিত তরুণদের মাঝে বিশেষ উৎসাহের সৃষ্টি করেছে।

মতবিনিময় সভায় তারেক রহমান তরুণদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন এবং একটি উন্নত, আধুনিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করছেন। তিনি তরুণদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন এবং রাষ্ট্র বিনির্মাণে তাঁদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। 

পাশাপাশি ব্যারিস্টার জাইমা রহমানও তরুণদের সাথে দেশের নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে কথা বলছেন এবং তাঁরুণ্যের প্রত্যাশাকে কীভাবে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে তা তুলে ধরছেন।বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ মোট ১১টি জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এক মিনিটের ভিডিও তৈরি করে বিজয়ীদের বাছাই করা হয়। জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে নির্বাচিত সেরা ১০ জন আজ এই বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সরাসরি কথা বলার ও মধ্যাহ্নভোজের সুযোগ পেয়েছেন।

আজকের এই অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে। দুপুর থেকে শুরু হওয়া এই আড্ডা ও মতবিনিময় সভায় আগামীর বাংলাদেশ নিয়ে তরুণদের উদ্ভাবনী ভাবনাগুলো গুরুত্ব সহকারে শুনছেন বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে আজ সন্ধ্যাতেই তারেক রহমান আকাশপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন এবং কাল সেখানে পলোগ্রাউন্ড মাঠে এক বিশাল নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।