রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে কারণে সারজিস আলমকে শোকজ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৫৬ পিএম

যে কারণে সারজিস আলমকে শোকজ

পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার দুপুরে পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মূলত নির্বাচনী আইন অমান্য করে প্রচারণা চালানো এবং বিধি বহির্ভূতভাবে তোরণ ও ব্যানার ব্যবহারের কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় সারজিস আলম তার নিজ দলীয় প্রধান ব্যতীত জোটের অন্য শীর্ষ নেতার ছবি ব্যবহার করে তোরণ ও বিলবোর্ড স্থাপন করেছেন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(চ) অনুযায়ী কোনো প্রার্থী কেবল তার নিজ দলীয় প্রধানের ছবি প্রচার সামগ্রীতে ব্যবহার করতে পারবেন। 

এই নিয়ম ভেঙে অন্য দলের প্রধানের ছবি ব্যবহার করা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে। এছাড়া রিটার্নিং কর্মকর্তার নিষেধাজ্ঞা অমান্য করে তিনটি নির্বাচনী তোরণ নির্মাণ করায় বিধি ১৩(ক) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।নোটিশে আরও উল্লেখ করা হয় সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিল না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন যা আচরণ বিধিমালার ১৬(ক) ধারার পরিপন্থী। 

এসব অনিয়মের প্রেক্ষিতে প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।