বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হিন্দু ভাইদের দেখলে মনে হয় অনেক দিনের চেনা: আমির হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:২১ এএম

হিন্দু ভাইদের দেখলে মনে হয় অনেক দিনের চেনা: আমির হামজা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা এক অনন্য সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় হরিণারায়ণপুর এলাকার একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি অত্যন্ত আবেগপূর্ণ বক্তব্য প্রদান করেন। আমির হামজা বলেন, ‘হিন্দু ভাইদের পেলে মনে হয় আপনাদের আমি অনেক দিন থেকে চিনি। 

আমার জীবনের অধিকাংশ সময় আপনাদের মতো মানুষের সঙ্গেই কেটেছে। কলকাতায় আমার অনেক সময় কাটানোর অভিজ্ঞতা থাকায় আপনাদের চেহারা দেখলে নিজের কাছের মানুষ মনে হয়।’

বক্তব্যের এক পর্যায়ে তিনি ধর্মীয় উপাসনালয়গুলোর উন্নয়ন বাজেটে দুর্নীতির কঠোর সমালোচনা করেন। হরিণারায়ণপুর মন্দিরের জরাজীর্ণ অবস্থা ও ছাদ না থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মসজিদের মতো মন্দিরের জন্যও সরকারি বাজেট বরাদ্দ হয়। কিন্তু অতীতে যারা দায়িত্বে ছিল, তারা সেই টাকা মেরে খেয়েছে বলেই আজ মন্দিরের এই দশা। দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে ঠিকমতো পূজা অর্চনা করাও কঠিন। 

আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীতে ক্ষমতায় গেলে বাজেটের একটি টাকাও আমাদের পকেটে যাবে না। আমাদের ধর্ম অনুযায়ী পরের হক বা টাকা মেরে খাওয়া সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ।’আমির হামজা উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, জাতিগত ভিন্নতা থাকলেও আমাদের লক্ষ্য এক— দেশের উন্নয়ন ও নিজের ভাগ্য পরিবর্তন করা। তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, ‘এরা যদি আবারও ক্ষমতায় আসে তবে আপনারা যেমন নিরাপদ থাকবেন না, আমরাও থাকবো না। 

এরা আপনাদের কাছেও চাঁদা নেয়, আমাদের কাছেও নেয়। দখল ও হয়রানির শিকার আপনারা এবং আমরা উভয়েই হই। তাই সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের জন্য এদের প্রতিহত করতে হবে।’

মতবিনিময় সভায় মন্দিরের পুরোহিত ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত প্রার্থীর এমন উদার ও সহমর্মিতামূলক বক্তব্যে উপস্থিত সবাই মুগ্ধ হন। আমির হামজা আরও যোগ করেন যে, একটি বৈষম্যহীন বাংলাদেশে প্রতিটি নাগরিক তার নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে— এটাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। কুষ্টিয়া সদরের এই নির্বাচনি এলাকায় তার এমন প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।