বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

এ দেশ কোনো দলের না, কারো ব্যক্তিগত না: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:২৫ এএম

এ দেশ কোনো দলের না, কারো ব্যক্তিগত না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দলের বা ব্যক্তিগত সম্পত্তি নয়; বরং এই দেশ এদেশের লাখো-কোটি জনগণের। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের এবং দেশ গড়ার। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান ভোটারদের সতর্ক করে বলেন, ২০০৮ সালের মতো ‍‍`বাক্সের ম্যাজিক‍‍` দেখিয়ে যেন কেউ রেজাল্ট পাল্টে দিতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।

বক্তব্যে তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমরা প্রতিটি ঘরে ‍‍`ফ্যামিলি কার্ড‍‍` পৌঁছে দিতে চাই। এছাড়া কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দেন। তিনি ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ‍‍`কৃষক কার্ড‍‍` দেওয়া হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। 

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীলদের জন্য সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।বিগত ১৫-১৬ বছরের শাসনের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, এ সময়ে মানুষ উন্নয়ন ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মেগা প্রজেক্টের নামে হয়েছে মেগা দুর্নীতি। গুম, খুন এবং গায়েবি মামলার মাধ্যমে মানুষের জীবন অতিষ্ঠ করা হয়েছিল। 

তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তাকে অর্থবহ করতে হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। তা না হলে মানুষের অধিকার ও সুশাসন নিশ্চিত করার প্রক্রিয়া আবার বাধাগ্রস্ত হতে পারে।প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করে সময় নষ্ট না করে তারেক রহমান বলেন, "প্রতিপক্ষকে বকাঝকা করলে আপনাদের কোনো লাভ হবে না। বরং আমরা সুযোগ পেলে আপনাদের জন্য কী কী কাজ করবো, তা তুলে ধরাই আমাদের রাজনৈতিক দায়িত্ব।

তিনি টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের দেখাশোনার দায়িত্ব জনগণের ওপর অর্পণ করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, ১২ তারিখে জনগণ ধানের শীষকে জয়ী করলে ১৩ তারিখ থেকেই দেশ গড়ার কাজ শুরু করবে বিএনপি। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।