বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
রয়টার্স এক্সক্লুসিভ

জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৫৬ এএম

জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান

নির্বাচনের ঠিক আগমুহূর্তে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘জাতীয় সরকার’ গঠনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান সাফ জানিয়েছেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী। 

জামায়াত আমিরের প্রস্তাবের বিপরীতে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলে কে থাকবে?”

লন্ডনে ১৭ বছরের নির্বাসন শেষে গত ডিসেম্বরে দেশে ফেরা তারেক রহমান জানান, বিএনপি এবারের নির্বাচনে ২৯২টি আসনে সরাসরি লড়ছে এবং তাদের লক্ষ্য একক সংখ্যাগরিষ্ঠতা। তিনি আশা প্রকাশ করেন, জামায়াত যদি বিজয়ী হতে না পারে, তবে তারা সংসদে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে। সাক্ষাৎকারে তিনি পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন। 

ভারত-চীনের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তিনি স্পষ্ট করেন যে, কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে না পড়ে বরং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে যারা তরুণদের কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে, তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখবে বিএনপি।তারেক রহমান আরও জানান, রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশেই আশ্রয় পাবেন এবং শেখ হাসিনার সন্তানরা যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হন, তবে তাদের রাজনীতি করতেও কোনো বাধা নেই। 

নির্বাচনি বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই কঠোর অবস্থান জামায়াত ও বিএনপির দীর্ঘদিনের ‘ঐক্য’ রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে। ১২ ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে এখন দেখার বিষয়, ভোটাররা কার দিকে হাত বাড়ান।