ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:২৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশের শীর্ষ দুই রাজনৈতিক নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে দেশবাসীর উদ্দেশে তাদের নির্বাচনী বক্তব্য তুলে ধরবেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর প্রধানদের জাতির উদ্দেশে ভাষণ প্রদানের সূচি অনুযায়ী আজ এই দুই নেতার ভাষণ প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে।বিটিভি সূত্রে জানা গেছে যে আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচারিত হবে।
এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রেডিও এবং টেলিভিশনে এই ভাষণগুলো একযোগে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আসন্ন নির্বাচনে দলগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভোটারদের প্রতি আহ্বান জানানোর লক্ষ্যেই এই বিশেষ ভাষণের আয়োজন করা হয়েছে।এর আগে গতকাল রোববার ৮ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে আরও দুই নেতার ভাষণ প্রচারিত হয়েছে। এদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার আগে সন্ধ্যা ৬টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) তাদের বক্তব্য পেশ করেন। নাহিদ ইসলাম তার ভাষণে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের ডাক দিয়েছিলেন এবং চরমোনাই পীর রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতির গুরুত্ব তুলে ধরেন।
নির্বাচনের এই শেষ মুহূর্তে বড় দলগুলোর প্রধানদের ভাষণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তারেক রহমান এবং ডা. শফিকুর রহমান তাদের ভাষণে মূলত আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের সমীকরণ এবং নির্বাচনী কৌশল নিয়ে দেশবাসী এই ভাষণ থেকে নতুন কোনো বার্তা পায় কি না সেটিই এখন দেখার বিষয়। রাষ্ট্রীয় এই সুযোগকে কাজে লাগিয়ে বড় জনসমর্থন আদায়ের লক্ষ্যেই ভাষণগুলো প্রস্তুত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন