ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৩২ এএম
সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান এবং ১১ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবীণ এই রাজনীতিবিদ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, “আগামীতে ১১ দলীয় ঐক্যজোটই সরকার গঠন করবে। নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি জানান, গত তিন দিন ধরে এলাকা মোটামুটি শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের খবর পাওয়া যায়নি।
তবে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি দাবি করেন, বিভিন্ন গ্রামে ধানের শীষের প্রার্থী জসিমের পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত কয়েকজনকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে।
নিজের ছেলে ওমর ফারুকের (চট্টগ্রাম-১৩ আসন, ছাতা প্রতীক) জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে কর্নেল অলি বলেন, “ভোটাররা হয়তো অন্য পক্ষ থেকে টাকা নিতে পারে, কিন্তু ভোট দেওয়ার সময় তারা সঠিক সিদ্ধান্তই নেবেন। সাধারণ মানুষ ওমর ফারুকের সঙ্গে বেইমানি করবে না।” তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর প্রশাসন গড়ে তোলার ওপর জোর দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন