ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:১১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ (মতিঝিল-রমনা) এ অবিশ্বাস্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ৩টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে মাত্র ৭ ভোটের ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ৩ কেন্দ্রে এনসিপির `শাপলা কলি` প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১২৪৯ ভোট। অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস `ধানের শীষ` প্রতীকে পেয়েছেন ১২৪২ ভোট।
মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে দুপুরের পর থেকে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যাশায় লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গত ১৫ বছরের রাজনৈতিক অচলায়তন ভেঙে এবারই প্রথম এত বড় অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে পেরে আনন্দিত ঢাকার সাধারণ মানুষ। ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের মতো বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এনসিপির তরুণ তুর্কি নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করেছে।
তবে এটি মাত্র ৩টি কেন্দ্রের ফলাফল হওয়ায় চূড়ান্ত বিজয় কার ঘরে যাবে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। পুরো আসনের কেন্দ্রগুলোতে এখন ভোট গণনা চলছে এবং প্রতিটি কেন্দ্রের আপডেট আসার সাথে সাথে ভোটারদের মধ্যে উত্তেজনা বাড়ছে। প্রশাসন ও নির্বাচন কমিশন এই আসনের স্পর্শকাতর কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রেখেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন