ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:১৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (কাফরুল-মিরপুর) আসনে ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি কেন্দ্রের গণনায় `দাঁড়িপাল্লা` প্রতীকে শফিকুর রহমান পেয়েছেন ১ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন `ধানের শীষ` প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। ১২৭টি ভোটকেন্দ্রের মধ্যে এই একটি কেন্দ্রের ফলাফল সামনে আসার পর জামায়াত ও বিএনপি শিবিরে টানটান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে ঢাকা-১৫ আসনটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ এখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের শীর্ষ নেতা। আজ সকাল থেকেই মনিপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
বিশেষ করে নারী ভোটারদের সরব উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনের আমেজকে উৎসবমুখর করে তোলে। বিএনপির শফিকুল ইসলাম মিল্টন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও প্রথম কেন্দ্রের এই ফলাফল জামায়াত শিবিরে আনন্দের জোয়ার নিয়ে এসেছে।
৩ লাখ ৫১ হাজার ভোটারের এই বিশাল আসনে ১২৭টি কেন্দ্রের সবকটির ফলাফল আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারার মধ্যে এখন বাকি কেন্দ্রগুলোতে ভোট গণনার কাজ চলছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ধাপে ধাপে ফলাফল অ্যাপ ও মিডিয়া সেন্টারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন