ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে বড় ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত চূড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান তার `দাঁড়িপাল্লা` প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন `ধানের শীষ` প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হয়েছেন জামায়াত প্রধান।
মিরপুর, কাফরুল ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত এই আসনে সকাল থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছিল। সকালে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ নতুন ধারায় ফিরবে। ১২৭টি কেন্দ্রের সবকটির ফলাফল আসার পর দেখা গেছে, প্রতিটি এলাকাতেই ডা. শফিকুর রহমান তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ছিলেন।
বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিজয় মিছিল বের করেন। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে এই বিশাল জয় উদযাপন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত আমীরের এই জয় দলটির রাজনৈতিক শক্তিমত্তার এক বড় প্রতিফলন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন গেজেট প্রকাশের জন্য চূড়ান্ত প্রশাসনিক কাজ চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন