সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভোট পুনর্গণনার আবেদনের বিষয়ে বিবেচনা করছি: গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:৫৬ পিএম

ভোট পুনর্গণনার আবেদনের বিষয়ে বিবেচনা করছি: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ফলাফল নিয়ে তীব্র অসন্তোষ ও অসঙ্গতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি ভোট পুনর্গণনার আবেদনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে বাতিল হওয়া ৬ হাজারেরও বেশি ভোট পুনরায় যাচাইয়ের দাবি জানান।

গোলাম পরওয়ার অভিযোগ করেন যে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের সংরক্ষিত তথ্যের মধ্যে কিছু অসংগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে প্রায় ১৫০টি কেন্দ্রের ফলাফল শিটের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যে অমিল রয়েছে বলে তার নির্বাচনি ব্যবস্থাপনা দল জানিয়েছে। 

মাত্র দুই হাজার ৬৬০ ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হওয়ায় এই সামান্য পার্থক্য তাকে আইনি পদক্ষেপ নিতে উৎসাহিত করছে। তিনি মনে করেন ব্যালটগুলো পুনরায় পরীক্ষা করা হলে প্রকৃত চিত্র ফুটে উঠবে।

ব্যক্তিগতভাবে পরাজিত হলেও ডুমুরিয়া ও ফুলতলার মানুষের ভালোবাসায় তিনি সিক্ত বলে জানান। গোলাম পরওয়ার বলেন প্রায় দেড় লাখ ভোটার আমাকে ভোট দিয়েছেন যা আমার জন্য বিরাট পাওয়া। নৈতিকভাবে আমি নিজেকে বিজয়ী মনে করি কারণ আমি কোনো অন্যায় বা জবরদস্তির পথ বেছে নেইনি। তবে প্রায় ৬ হাজার ভোট বাতিল হওয়াকে তিনি অস্বাভাবিক বলে উল্লেখ করেন এবং আইনি ভিত্তি পেলে অবশ্যই পুনর্গণনার জন্য আবেদন করবেন বলে নিশ্চিত করেন।

নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নিজের আসনের ফলাফল নিয়ে তার এই সন্দেহ জনমনে কৌতূহল সৃষ্টি করেছে। খুলনা-৫ আসনে বিএনপির মোহাম্মদ আলি আসগার ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জামায়াত নেতার এই অবস্থানকে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই দাবির প্রেক্ষিতে কী ব্যবস্থা গ্রহণ করে।