ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৫৩ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন। রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর এখন তিনি অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। সোমবার দুপুরের দিকে চিকিৎসকদের আনুষ্ঠানিক ছাড়পত্র নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছিলেন দলের তৃণমূল থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।গত মঙ্গলবার হঠাৎ করে জ্বর, প্রচণ্ড ঠান্ডা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে জরুরি ভিত্তিতে রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে তাঁর প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলতে থাকে। শ্বাসকষ্টের সমস্যা শুরুতে কিছুটা উদ্বেগজনক হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
চিকিৎসকদের আন্তরিক চেষ্টা ও যথাযথ ওষুধের ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি পুরোপুরি বিপদমুক্ত এবং বাসায় থেকে নিয়মিত ওষুধ সেবন ও বিশ্রামে থাকলে দ্রুতই স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারবেন।উল্লেখ্য যে, গত বুধবার বিএনপির নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান সশরীরে হাসপাতালে গিয়ে রুহুল কবির রিজভীকে দেখে আসেন।
এ সময় তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দীর্ঘ সময় তাঁর পাশে অবস্থান করেন। রাজপথের সাহসী ও অক্লান্ত এই নেতার অসুস্থতার সংবাদে সারা দেশের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে ও খাদ্য গ্রহণ করতে পারছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি সরাসরি রাজধানীর বাসভবনে গিয়ে কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকবেন। তাঁর এই সুস্থতায় স্বস্তি প্রকাশ করেছেন দলের সকল স্তরের সমর্থক ও সাধারণ মানুষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন