বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

অসুস্থ বিএনপি নেত্রী সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. রফিক

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৫৪ পিএম

অসুস্থ বিএনপি নেত্রী সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. রফিক

ডা. মো. রফিকুল ইসলাম

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তিনি প্রবীণ এই নেত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি সেলিমা রহমানের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সেলিমা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 

পরীক্ষার প্রতিবেদনে তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস বা ডিভিটি রোগ ধরা পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরের পরামর্শ দেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, সিসিইউতে নেওয়ার পর শুরুতে সেলিমা রহমানের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল। 

তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ডা. রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করে সান্ত্বনা দেন এবং দলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।

সেলিমা রহমানের পরিবারের সদস্যরা তার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তারা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবীণ এই রাজনীতিবিদের সুস্থতার জন্য দলের নেতা-কর্মীরাও নিয়মিত খোঁজ নিচ্ছেন বলে জানা গেছে।