ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:২৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংরক্ষিত ৫০টি নারী আসন। সংসদের প্রাপ্ত আসনের আনুপাতিক হারে এবার আসন বণ্টনের হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ১১টি আসন লাভ করবে বলে রাজনৈতিক সমীকরণ বলছে।
বাকি সংরক্ষিত ৩৫টি আসন পেতে পারে বিএনপি ও তাদের মিত্র দলগুলো। আসন বণ্টনের এই চিত্র সামনে আসার পরই জামায়াত তাদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে তৎপরতা শুরু করেছে।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, সংরক্ষিত আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জামায়াতে ইসলামী এবার বিশেষ কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মেধা এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি বিগত স্বৈরাচারী শাসন আমল এবং জুলাই গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট প্রার্থীদের বা তাদের পরিবারের আত্মত্যাগ ও অবদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় ফোরামে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই নীতিনির্ধারণী পর্যায় থেকে চূড়ান্ত ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।প্রার্থী তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে অগ্রগণ্য করে তুলেছে। এছাড়া বুয়েটের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. আমিনা বেগম রহমান এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শাহান আরা বেগমের নামও জোরেশোরে উচ্চারিত হচ্ছে।
আইনি অঙ্গনের পরিচিত মুখ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবিকুন্নাহার মুন্নীকেও গুরুত্বপূর্ণ তালিকায় রাখা হয়েছে।এই তালিকায় আরও কয়েকজন প্রভাবশালী নেত্রীর নাম উঠে এসেছে, যাদের মধ্যে রয়েছেন ডা. হাবিবা চৌধুরী সুইট, সাঈদা রুম্মান, খন্দকার আয়েশা খাতুন এবং কাজী মারিয়া ইসলাম বেবি। এছাড়া রাবেয়া খানম, ডা. শিরিন আক্তার রুনা, তানহা আজমি, নার্গিস খান, কানিজ ফাতেমা, সেলিনা আক্তার ও আয়েশা সিদ্দিকা পারভীনও আলোচনায় রয়েছেন। অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা গণমাধ্যমকে জানিয়েছেন, জামায়াতে নারীরা দলের আমির হতে না পারলেও আইনসভায় জনমানুষের কথা বলতে যোগ্যদেরই মনোনয়ন দেওয়া হবে। যোগ্য নেতৃত্বের মাধ্যমে জাতীয় সংসদে জনগণের প্রত্যাশা পূরণে তারা বদ্ধপরিকর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন