রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ছাত্রশিবিরের উদ্বেগ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:১৮ পিএম

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ছাত্রশিবিরের উদ্বেগ

ছাত্রশিবিরের প্রেস বিবৃতি

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং বিভিন্ন স্থানে সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এই প্রতিবাদ জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ নরসিংদীতে এক কিশোরীকে অপহরণের পর হত্যা এবং রাজধানীর রামপুরায় ৬ বছরের এক শিশুকে নির্যাতনের পর হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরী বখাটেদের হাতে গণধর্ষণের শিকার হওয়ার পর বিচারের দাবিতে অনড় থাকায় তাকে পুনরায় অপহরণ করে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে যে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা অপরাধীদের রক্ষায় এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করতে চাপ প্রয়োগ করছেন। 

একইভাবে রামপুরায় শিশু হত্যার ঘটনায় মামলা গ্রহণে পুলিশের অনীহা এবং পরবর্তীতে মামলা প্রত্যাহারে রাজনৈতিক চাপের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছে যা অত্যন্ত দুঃখজনক। ছাত্রশিবিরের নেতৃবৃন্দ মনে করেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ছত্রছায়ায় অপরাধীরা আশ্রয় পাচ্ছে যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন নির্বাচনের পর থেকে সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা দখলবাজি এবং মব সন্ত্রাস আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

 চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের পুনর্বাসনের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তোলা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। সরকারের পক্ষ থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি থাকলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনা জরুরি। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এই বিবৃতিতে।