মার্চ ২৬, ২০২৬, ১১:২৮ এএম
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডি.সিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা যোগ দেন।
হোয়াইট হাউসে আয়োজিত এই সম্মেলনে ডা. জুবাইদা রহমান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শিশুদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন কাজ করছে।
সম্মেলন চলাকালীন ডা. জুবাইদা রহমান মার্কিন ফার্স্ট লেডিকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। তারা উভয়ই বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন।
হোয়াইট হাউসে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীসহ আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে একজন পেশাদার চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন যে সুস্থ শিশুরাই একটি সমৃদ্ধ আগামীর মূল কারিগর।সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের শিশুদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ শিশুদের পুষ্টি, শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের এই অভিজ্ঞতা সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং শিশুদের কল্যাণে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাপনী অধিবেশনে তিনি শিশুদের জন্য একটি নিরাপদ ও মানবিক মর্যাদা সম্পন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বনেতাদের সহধর্মিণীদের সম্মিলিত ভূমিকা পালনের আহ্বান জানান।
এই সফরে ডা. জুবাইদা রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান। সম্মেলনের পাশাপাশি হোয়াইট হাউসের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমানের একটি বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সব শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশ অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও স্পাউসদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তিনি ডিজিটাল রূপান্তরের মাধ্যমে শিশুদের শিক্ষা ব্যবস্থা সহজ করার গুরুত্বও তুলে ধরেন।
ডা. জুবাইদা রহমান এবং তার প্রতিনিধিদল সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের ১১টি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে শিশুদের শিক্ষার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তিনি।
দুই দিনব্যাপী এই সম্মেলন শেষে আয়োজিত গ্রুপ ফটো সেশন ও রাষ্ট্রীয় রিসিপশনে অংশ নেন ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুল রহমান রুমন এই সফরের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত অবহিত করেন এবং জানান যে এই সফরটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জনস্বাস্থ্য ও শিক্ষা খাতের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন