এপ্রিল ৩, ২০২৬, ০৯:০৮ পিএম
রাজধানীর ভাটারা এলাকায় জামায়াতে ইসলামীর এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন, জুলাই বিপ্লব কেবল ক্ষমতার হাত বদলের উদ্দেশ্যে সংঘটিত হয়নি। বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন ও ইনসাফ কায়েম করাই ছিল এই ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য।
শুক্রবার বিকেলে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এটিএম আজহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও এখন রহস্যজনকভাবে কেবল গণভোট নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। একে সরকারের আদর্শিক ও রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে অভিহিত করেন তিনি।
তাঁর মতে, ক্ষমতাচ্যুতদের আদলে বর্তমান সরকারও ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা পোষণ করছে। তবে ইতিহাসের শিক্ষা হলো, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কোনো স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।সংবিধান সংস্কারের বিষয়ে জামায়াতের এই শীর্ষ নেতা সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে সংবিধান সংস্কারের কথা উল্লেখ থাকলেও সরকার এখন কেবল সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে।
এই ধরণের অবস্থান জুলাই বিপ্লবের মূল চেতনার সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, সরকার এখন নানা কৌশলে জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।দলের সাংগঠনিক শক্তি ও গত নির্বাচনের প্রসঙ্গ টেনে এটিএম আজহারুল ইসলাম বলেন, নানা প্রতিকূলতা ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং সত্ত্বেও জামায়াত এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে।
তিনি দলীয় কর্মীদের শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ময়দানে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। তাঁর ভাষায়, ভবিষ্যতে যদি ত্যাগের আদর্শ নিয়ে কাজ করা যায় তবে দেশের মানুষ জামায়াতকেই নেতৃত্বের জন্য বেছে নেবে।সম্মেলনের উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের প্রায় ৪ কোটি ৮০ লাখ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় প্রদান করেছে। জনগণের এই বিশাল রায় ও জুলাই সনদকে অস্বীকার করে সরকার গণবিরোধীতায় লিপ্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, জনগণ বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দেবে না বরং রাজপথে আন্দোলনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন