রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, জাতীয় যুবশক্তির নিন্দা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ১১:১৪ এএম

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, জাতীয় যুবশক্তির নিন্দা

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর সংঘটিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি এই হামলাকে অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেছে। বুধবার এক বিবৃতিতে এই হামলার ঘটনার কঠোর সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

ঘটনার বিবরণে জানা গেছে, চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। উল্লেখ্য যে, মনজুর আলম ২০১০ সালে বিএনপি সমর্থিত প্যানেল থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং এক সময় দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

সেই সময় তার বিভিন্ন কর্মকাণ্ড বা কর্মসূচি নিয়ে কোনো মহলে তেমন প্রতিবাদ দেখা না গেলেও, বর্তমানে তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর হামলা চালানোকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছে জাতীয় যুবশক্তি।

সংগঠনটি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকাটা খুবই স্বাভাবিক এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে সেই মতভেদকে কেন্দ্র করে কোনোভাবেই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে কাউকে হেনস্তা করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে চট্টগ্রামের এই মব সন্ত্রাসের ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করছে সংগঠনটি।

জাতীয় যুবশক্তি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেছে, দ্রুততম সময়ের মধ্যে এই হামলার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে দেশের সকল রাজনৈতিক শক্তিকে সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ঘটনার পর থেকেই চট্টগ্রামের স্থানীয় মহলে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের হামলা রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলতে পারে।