মে ২, ২০২৬, ০৯:১১ পিএম
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি কী আগের মতোই দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কায়দায় সরকার চালাবে নাকি আদতেই ৩১ দফার ভিত্তিতে তারা রাষ্ট্র মেরামত করবে, গত ২ মাসে জনগণ তা কিছুটা আঁচ করতে পেরেছে। তিনি মন্তব্য করেন, এই দুই মাসেই জনগণ বুঝে গেছে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে।
শনিবার (০২ মে) এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালিটি বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে পল্টন মোড় ও কাকরাইল হয়ে আইডিইবি ভবনের সামনে গিয়ে শেষ হয়। বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
মজিবুর রহমান মঞ্জু তাঁর বক্তব্যে গত দুই মাসের বিভিন্ন ঘটনার খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে গভর্নর পরিবর্তন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ এবং বিসিবিতে নির্বাচিত বোর্ড বাতিল করে মন্ত্রীর সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল, থানার ভেতরে হামলা এবং ৪১ হাজার কোটি টাকার ঋণের পরিসংখ্যান পরিষ্কার বার্তা দেয় যে বিএনপির আগামী ৫৮ মাস কেমন যাবে। তিনি আরও উল্লেখ করেন, দেশে পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও অব্যবস্থাপনার কারণে জ্বালানি ও বিদ্যুতের লোড শেডিংয়ে হাহাকার তৈরি হয়েছে।এবি পার্টির চেয়ারম্যান বলেন, তারা রাষ্ট্র মেরামতের যে স্বপ্ন নিয়ে দল গঠন করেছিলেন, তা এখন সবার মুখে মুখে। তবে অনেকেই `সবার আগে বাংলাদেশ` স্লোগান দিলেও হৃদয়ে ধারণ করেন না। তাঁর মতে, অনেকে জুলাই গণঅভ্যুত্থানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তিনি জানান, যেকোনো মূল্যে এবি পার্টির অঙ্গীকার ও স্বপ্ন বাস্তবায়ন করা হবে।
মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন একজন আপসহীন নেত্রী ছিলেন। তবে গত পরশু দলটির একজন নেতার বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে। ওই নেতা বলেছেন যে তাঁরা নাকি শুধু একটি নির্বাচনের জন্য সংস্কার নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিয়েছিলেন। এটি দেশের জন্য লজ্জার এবং প্রধানমন্ত্রী এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বর্তমান সময়ে নতুন রাজনীতির বন্দোবস্ত একটি জরুরি বিষয়ে পরিণত হয়েছে। সেবা ও সমস্যা সমাধানভিত্তিক রাজনীতি এবং রাজপরিবারের বাইরে বিকল্প নেতৃত্বের উত্থান নিয়ে এবি পার্টি শুরু থেকেই প্রস্তাব দিয়ে আসছিল। তিনি পুরোনো ধ্যান-ধারণার রাজনীতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় সংস্কারের দাবি আরও জোরালো করার আহ্বান জানান।
সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার জানান, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা অটল প্রতিজ্ঞাবদ্ধ। ফ্যাসিবাদী দমন-পীড়ন উপেক্ষা করে তাঁরা অতীতে যেমন রাজপথে ছিলেন, ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকবেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন