মে ৪, ২০২৬, ০৪:৫৪ পিএম
ঢাকার শেরেবাংলা নগরে সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। দুপুরে জিয়া উদ্যানে গিয়ে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচিতে নেতৃত্ব দেন।
তিনি নতুন নারী সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জানান যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাঁরা আগামী দিনে দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে এই সদস্যদের পূর্ণ সমর্থন জানানো হয়েছে।
এর আগে গত রোববার (৩ মে) রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সদস্যরা শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপির মনোনীত ৩৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণের পর আজ দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তাঁরা দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন। শ্রদ্ধা নিবেদনকালে নারী এমপিরা সংসদে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন