মে ৭, ২০২৬, ০৩:৫৬ পিএম
কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও `ভুয়া ভুয়া` স্লোগানের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। পরে পুলিশের পাহারায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকালে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজা মাঠে প্রবেশ করেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে তাকে লক্ষ্য করে `ভুয়া ভুয়া` স্লোগান দিতে থাকেন। তিনি টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে নামলে শিক্ষার্থীরা সেখানেও তাকে অনুসরণ করে স্লোগান দেন এবং মাঠের মাঝখানে বসে পড়েন।
এমন পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একইভাবে স্লোগান দিতে থাকলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ফোর্স নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে যান। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতেই তিনি ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, গত ৫ মে কলেজ চত্বরে বেশ কিছু গাছ কাটা হয়। স্থানীয় সংসদ সদস্য হিসেবে আমির হামজা এই ঘটনার কোনো প্রতিকার বা ব্যবস্থা নিতে পারেননি বলে তাদের অভিযোগ।
গাছ কাটার বিষয়ে প্রিন্সিপালের মাধ্যমে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এই প্রতিবাদ জানিয়েছেন।এদিকে ঘটনার পর মুফতি আমির হামজা নামের একটি ফেসবুক পেজের স্ট্যাটাসে দাবি করা হয়, কলেজ পরিদর্শনকালে সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। স্ট্যাটাসটির নিচে `এডমিন` লেখা ছিল। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মুফতি আমির হামজাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখেন তিনি।তবে সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রাখার দাবিটি নাকচ করে দিয়েছেন ওসি। তিনি জানান, আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে তার সঙ্গেই স্বাভাবিকভাবে বেরিয়ে আসেন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। ক্যাম্পাসে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন