রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ঝিনাইদহে হামলার পর ফেসবুক পোস্টে সাহায্য চাইলেন পাটোয়ারী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ১০:৪৪ পিএম

ঝিনাইদহে হামলার পর ফেসবুক পোস্টে সাহায্য চাইলেন পাটোয়ারী

ছবি : সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এই পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় লিখিত অভিযোগ থানায় জমা দেওয়ার পরও পুলিশ তা গ্রহণ না করায় দলটির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়েছেন।ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর রাতে নিজের ফেসবুক আইডিতে সাহায্য চেয়ে একটি পোস্ট দেন এই নেতা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ পাটোয়ারীর সঙ্গে কথা বলতে আসেন। ওই সময় কিছু যুবক পেছন থেকে তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। পাটোয়ারীর অভিযোগ, আইনমন্ত্রী ও স্থানীয় বিএনপির সভাপতির লোকজন এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং তিনি আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।তবে ছাত্রদল এই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

সংগঠনটির জেলা শাখা উল্টো শহরে বিক্ষোভ মিছিল করে দাবি করেছে যে স্থানীয় বিক্ষুব্ধ জনতা এই কাজ করেছে এবং এর সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। এদিকে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সার্ভার ডাউন থাকার কারণে রাত পর্যন্ত অভিযোগটি অনলাইনে এন্ট্রি করা সম্ভব হয়নি, তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত থানার সামনে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি।