সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

রাশেদ খাঁনকে নিয়ে পাটোয়ারীর মন্তব্য বিক্রিত মালের আলাপ কি আর বলব?

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৬:৩৬ পিএম

রাশেদ খাঁনকে নিয়ে পাটোয়ারীর মন্তব্য বিক্রিত মালের আলাপ কি আর বলব?

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনার পর থেকে তাঁকে নিয়ে বিএনপি নেতা মুহম্মদ রাশেদ খাঁনের একের পর এক অভিযোগের জেরে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ তৈরি হয়েছে। মঙ্গলবার রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী সরাসরি রাশেদ খানের দল পরিবর্তনের কঠোর সমালোচনা করেন। 

তিনি মন্তব্য করেন যে রাশেদ খান একটি দলের সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও অন্য দলের হয়ে নির্বাচন করেছেন এবং তিনি অনেক আগেই বিক্রি হয়ে গেছেন।বিক্রিত মালের আলাপ আর কী বলবেন বলে উল্লেখ করেন পাটোয়ারী।

এই বক্তব্যের তীব্র পাল্টা জবাব দিয়ে বুধবার নিজ এলাকায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মুহম্মদ রাশেদ খাঁন। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেশের রাজনীতির জন্য একটি কলঙ্ক ও রাজনৈতিক জোকার আখ্যা দিয়ে বলেন যে তিনি প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন।

 রাশেদ খাঁন দাবি করেন, দেশের যেখানেই তিনি যাবেন, সেখানেই তাঁকে আরও তীব্র হেনস্তার শিকার হতে হবে এবং সাধারণ জনগণই এ ধরনের বেয়াদবি শায়েস্তা করবে। একই সাথে ঝিনাইদহে নাসীরুদ্দীনের ওপর সংঘটিত ওই হামলার ঘটনায় সরাসরি জামায়াত-শিবির জড়িত রয়েছে বলে দাবি করেছেন এই বিএনপি নেতা।হামলার ঘটনায় বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করা হয়েছে।