মে ২৩, ২০২৬, ০২:৩৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জায়মাকে নিয়ে কটূক্তি এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এই নোটিশ প্রদান করেন। বিবাদীর বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।
প্রেরিত নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এতে উল্লেখ করা হয়, সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী দেশের প্রধানমন্ত্রী ও তাঁর কন্যাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর, অশালীন ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।
এই কুৎসিত বক্তব্য দেশের কোটি কোটি সাধারণ মানুষের ধর্মীয় ও রাজনৈতিক অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। এই কুরুচিপূর্ণ প্রচারণার কারণে নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেও ব্যক্তিগত ও পেশাগতভাবে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলে নোটিশে দাবি করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হবে।আইনজীবী আজিজুল হক খান তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসেও এই আইনি নোটিশের বিষয়টি নিশ্চিত করে একটি বিশেষ পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি উল্লেখ করেন, কেন ওই এনসিপি নেতার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হবে না; তা পরিষ্কার করতে হবে। নোটিশে যোগাযোগের সুনির্দিষ্ট ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবনের ৮৫ নম্বর কক্ষের উল্লেখ রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন