মে ২৪, ২০২৬, ০৭:০২ পিএম
ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার বর্ণনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি অভিযোগ করেন, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই তার ওপর হামলা চালানো হয়।
হামলাকারীরা তাকে ইট-পাটকেল ও হকিস্টিক দিয়ে আঘাত করে তার ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নিয়েছে।নিজেদের শাসনব্যবস্থা ও ভয়ের রাজনীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি জানান, ন্যায়বিচারের আশায় থানায় গিয়ে উল্টো পরিস্থিতির শিকার হয়েছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রাতের অন্ধকারে তাকে ঘিরে হামলা ও ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন পিতার কাছ থেকে সন্তানকে সরিয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
যারা হামলার সঙ্গে জড়িত ছিল, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথচলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুকে দেওয়া পোস্টে অয়ন নামের একজনকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এই সংগঠক। নিজের ওপর হওয়া হামলা ও পুলিশের ভূমিকার বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি তার পরবর্তী রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। এছাড়া হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন