জুন ৭, ২০২৬, ০৫:৩৯ পিএম
স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা দূরীকরণ ও আসন্ন বাজেটে মোট বরাদ্দের অন্তত ৮ শতাংশ এই খাতে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি তোলা হয়।
জামায়াতের মেডিকেল শাখার উদ্যোগে ‘স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন,
স্বাস্থ্য খাতের দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারি হাসপাতালে বরাদ্দকৃত ওষুধ সিন্ডিকেটের মাধ্যমে বাইরে চলে যায়, ফলে দরিদ্র মানুষ বঞ্চিত হয়। রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের বদলি ও নিয়োগ বাণিজ্য স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছে।
বিশেষ অতিথি মহানগর উত্তর মেডিকেল বিভাগের আমির ডা. এস এম খালিদুজ্জামান বলেন, বিশ্বের উন্নত দেশে স্বাস্থ্য খাতে ১০ থেকে ১৫ শতাংশ বরাদ্দ থাকলেও আমাদের দেশে তা ২ থেকে ৩ শতাংশ। জিডিপির তুলনায় এটি ১ শতাংশেরও নিচে। একটি শক্তিশালী জাতি গঠনে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো অপরিহার্য।
বক্তারা স্বাস্থ্য খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও দলীয় নেতারা অংশ নেন। শহীদদের রক্ত ও গণঅভ্যুত্থানের পর দেশে কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন