জুন ১০, ২০২৬, ১১:১৪ পিএম
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার সকাল ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়।
হাইকমিশনারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের উচ্চপদস্থ রাজনৈতিক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড মিস কেট ওয়ার্ড আলোচনায় অংশ নেন।
পরে রাজনৈতিক দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এর পাশাপাশি আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা একমত হন।
বৈঠকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা এবং এ দেশের সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের ছায়া সরকার ও ছায়া বাজেট বাস্তবায়নের নানা দিক ব্রিটিশ প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান অভিবাসন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এই ধরনের দ্বিপক্ষীয় যোগাযোগ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
গুরুত্বপূর্ণ এই আলোচনায় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি উপস্থিত ছিলেন। তার সঙ্গে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন