সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হলেন গাজী আতাউর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০২:৪০ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হলেন গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী মাওলানা আতাউর রহমান। শনিবার রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত দলটির মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সদ্য বিদায় নেওয়া মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই মূলত এই আকস্মিক রদবদল আনা হয়েছে।দলটির কেন্দ্রীয় কমিটি ভেঙে শীর্ষস্থানীয় পদগুলোতে এই পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ। তিনি জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে দলটির বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা স্পষ্টভাবে উঠে আসে। এর মধ্যে এককভাবে নির্বাচন পরিচালনা, প্রার্থী বাছাই প্রক্রিয়ার ত্রুটি এবং স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনায় উঠে এসেছে।

এই সাংগঠনিক ঘাটতিগুলো কাটিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতেই মেয়াদের আগে কমিটি পুনর্গঠন করা হলো। নবনিযুক্ত মহাসচিব গাজী আতাউর রহমান এর আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে দীর্ঘ সময় ধরে টানা মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।