রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আওয়ামী লীগ আর ক্ষমতায় ফিরবে না: কর্নেল অলি আহমেদ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৯ পিএম

আওয়ামী লীগ আর ক্ষমতায় ফিরবে না: কর্নেল অলি আহমেদ

আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশে ফিরে আসবে না, দলটি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।বরিশালের সমাবেশে তিনি সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কঠোর অবস্থান ব্যক্ত করেন।

একই উদ্দেশ ও আদর্শ নিয়ে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি ও দখলবাজি বন্ধ করাই তাদের মূল লক্ষ্য। জোট গঠনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যোগ দেওয়া নয়, বরং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থেই তারা একজোট হয়েছেন।

পশ্চিমবঙ্গের রাজনীতিক শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে অলি আহমেদ বলেন, বাংলাদেশ ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে উসকানিমূলক মন্তব্য থেকে বিরত থাকা উচিত। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কোরআনের আদর্শ মেনে চলি এবং অন্যের ক্ষতি করা কখনোই বরদাস্ত করব না।

বর্তমান সরকারের প্রতি পরামর্শ দিয়ে এলডিপি চেয়ারম্যান বলেন, মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা প্রয়োজন। বিরোধী দলের নেতাকর্মীদের শত্রু না ভেবে দেশের মিত্র হিসেবে বিবেচনা করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।