জুলাই ২৫, ২০২৬, ১১:১০ পিএম
গণভোটের মাধ্যমে অর্জিত সত্তর শতাংশ মানুষের রায়কে কোনোভাবেই অবমূল্যায়ন করতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শনিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।রাজশাহী থেকে শুরু হওয়া এই জোটের বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজনে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম।
সমাবেশে জামায়াত আমীর বলেন, বর্তমান সরকার পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ মানুষের রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, অথচ এখন তারা অতীতের ফ্যাসিবাদের পথেই হাঁটা শুরু করেছে। রাষ্ট্রের বিভিন্ন স্তরে দলীয়করণ এবং দুর্নীতির বিস্তার রোধ করতে না পারলে জনগণ কাউকে ছাড় দেবে না বলে সতর্ক করেন তিনি। শহীদদের আত্মত্যাগ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের সঙ্গে কোনো ধরনের বেঈমানি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
সমাবেশে বক্তারা আরও বলেন, নির্বাচন সম্পন্ন হলেও রায়ের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর মাওলানা মুমিনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন যে সরকার সংস্কার কাজ এড়িয়ে কেবল নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত রয়েছে।
সিলেটের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা যেমন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা দ্রুত দূর করার জোর দাবি জানানো হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামীদিনের রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়।জনগণের অধিকার ও জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন আরও তীব্রতর করার ঘোষণা দেন জোটের নেতারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন