আগস্ট ১, ২০২৬, ০৯:০০ পিএম
জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং পহেলা আগস্টকে কালো দিবস হিসেবে পালনের দাবিতে পঞ্চগড় জেলায় পৃথকভাবে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। শনিবার বিকেলে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
শহরের জজকোর্টের সামনে থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়।পঞ্চগড় জজকোর্টের সামনে থেকে বের হওয়া জামায়াতের গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলিয়া মহাসড়কের শেরেবাংলা পার্ক চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুর সদস্য ও জেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার অতীতে অবৈধভাবে জামায়াতের নিবন্ধন বাতিলের চেষ্টা করেও টিকতে পারেনি।

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবি জানান তিনি। অন্যথায় দেশের স্বার্থে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন ও পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন।
এদিকে একই দাবিতে পঞ্চগড়ে অদম্য জুলাই ২০২৬ শিরোনামে কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার বিকেলে শহরের ব্যারিস্টার বাজার থেকে শুরু হওয়া একটি মিছিল চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি রাশেদ ইসলাম। বক্তারা গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন