সেপ্টেম্বর ২, ২০২৬, ০৬:৪১ পিএম
উপজেলা পর্যায়ের একশত আটাশি জন কর্মকর্তার কাছ থেকে টাকা নিয়ে প্রায় পৌনে তিন কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই চাঞ্চল্যকর দাবি করেন তিনি।
একই দিন তার বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরুর খবর জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ নানা অনিয়মের কথা তুলে ধরেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপ সচিবসহ আরও অনেকে মিলে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে এক লাখ ছিয়াচল্লিশ হাজার টাকা করে মোট দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা আত্মসাৎ করেছেন।
দুর্নীতি দমন কমিশন এই ঘটনার প্রমাণ পেয়েছে দাবি করে তিনি সেই প্রমাণ জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান। এ বিষয়ে রাতে বিস্তারিত কথা বলবেন বলেও জানান তিনি। এদিকে আসিফ মাহমুদের এই ফেসবুক পোস্ট প্রকাশের দিনই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আনুষ্ঠানিক তথ্য সামনে আসে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে দুদক। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন