সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিচার না হওয়া পর্যন্ত জাপাসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:২৭ পিএম

বিচার না হওয়া পর্যন্ত জাপাসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না

ছবি - সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার কর্মকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলের কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, 'বিচার হওয়ার পর যদি আদালত মনে করে—আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে বিচার শেষ হওয়ার আগে এই দলগুলো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সেইসঙ্গে আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না।'

তিনি আরও বলেন, যদি কেউ তাদের নির্বাচন করার সুযোগ দিতে চায়, তাহলে তা আমাদের রক্তের ওপর দিয়ে এই সুযোগ দেওয়া হবে। রাশেদ খাঁন বলেন, যদি দেশে ১/১১ পরিস্থিতি ফিরে আসে, তাহলে আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ব। তিনি বলেন, 'হাসিনা তো ভারতে পালিয়ে গেছেন, আমরা তো আর কোথাও পালাতে পারব না।' তিনি সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিদায় নেওয়ার আহ্বান জানান।

রাশেদ খাঁন অভিযোগ করেন, সরকারের একটি মহল অসুস্থ নুরুল হক নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না, কারণ তারা মনে করে এতে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য সরকার প্রধানের ঘোষণার পরও এ বিষয়ে গড়িমসি চলছে।

তিনি বলেন, নুরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত, কারণ হামলাকারীদের এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না।