বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

১৬ বছরে সবচেয়ে বেশি নিপীড়িত সংগঠন ইসলামী ছাত্রশিবির

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৬:০৬ পিএম

১৬ বছরে সবচেয়ে বেশি নিপীড়িত সংগঠন ইসলামী ছাত্রশিবির

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাবি করেছে যে, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামলে তারা সবচেয়ে বেশি নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে। সংগঠনটি জানায়, এই সময়ে তাদের ১০১ জন জনশক্তিকে শহীদ করা হয়েছে এবং ২০ হাজারের বেশি মামলায় অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ কথা বলেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপির স্বনির্ভর-বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নিলুফার চৌধুরী সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠিত টকশোতে দাবি করেন যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে ছাত্রশিবির হত্যা করেছে। ছাত্রশিবির এই বক্তব্যকে 'নির্লজ্জ মিথ্যাচার' এবং 'ফ্যাসিবাদবিরোধী লড়াইকে প্রশ্নবিদ্ধ করার' শামিল বলে আখ্যা দেয়।

তারা বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছিল। আবরারকে 'শিবির ট্যাগ' দিয়ে হত্যা করা হয়েছিল, যা আদালতের রায়ে প্রমাণিত। ছাত্রশিবির নেতারা আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রলীগ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার্থী নির্যাতনসহ অসংখ্য অপরাধ করেছে।

তারা অভিযোগ করেন, নিলুফার চৌধুরী মনি ছাত্রশিবিরের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগ-ছাত্রলীগের সীমাহীন অপরাধকে দায়মুক্ত করার চেষ্টা করছেন, যা জনমনে প্রশ্ন তৈরি করছে যে তিনি 'পতিত ফ্যাসিস্টদের এজেন্ট হিসেবে কাজ করছেন কিনা'। নেতৃবৃন্দ নিলুফার চৌধুরী মনিকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।